বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল।
মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মধ্যে ১১ জন ঢাকা, ৯ জন চট্টগ্রাম ও ১ জন রংপুর বিভাগের বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৯৭৫ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ৪৫১টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৮টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
মৃত ২১ জনের বয়স:
- ১১ থেকে ২০ বছর বয়সী: ১ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৯ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৪ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৭ হাজার ৩৩৪ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ৩৫ হাজার ৫৮৫ জন।
- মারা গেছেন : ৫০১ জন।
- মোট সুস্থ : ৭ হাজার ৩৩৪ জন।
- মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৫৩ হাজার ৩৪টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৫ লাখ ১৩ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ লাখ ৯ হাজার ২৯১ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৪৬ হাজার ৮৬৮ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৯৯ হাজার ৩০০ জন।
- যুক্তরাজ্য: ৩৬ হাজার ৭৯৩ জন।
- ইতালি: ৩২ হাজার ৭৮৫ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ৩৬৭ জন।
- স্পেন: ২৮ হাজার ৭৫২ জন।
- ব্রাজিল: ২২ হাজার ৭৪৬ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ২৮০ জন।
- জার্মানি: ৮ হাজার ৩৭১ জন।
- ইরান: ৭ হাজার ৪১৭ জন।
- মেক্সিকো: ৭ হাজার ৩৯৪ জন।
