ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে যা বললেন আসিফ নজরুল

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ৩, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে যা বললেন আসিফ নজরুল

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে উল্লেখ করলেও, এ ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। এ প্রসঙ্গে আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার সামাজিক মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আসিফ নজরুল লিখেছেন, “আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। (প্রশ্ন করি, এই ঘটনা ‘মুসলিম সংঘর্ষ সমিতি’ নামের কোন সংগঠন বাংলাদেশে ঘটালে ভারতের প্রতিক্রিয়া কেমন হতো?)”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনের আওতায়, বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের দায়িত্ব। এ দায়িত্ব পালনে ভারতের ব্যর্থতার নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি দৃষ্টান্ত।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, “ভারতের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর যা ঘটে, তার জন্য বরং উল্টো ভারতের (এবং মমতার) লজ্জিত হওয়া উচিত।”

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “আমরা সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার স্বার্থে ভারত-তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এখনকার বাংলাদেশ শেখ হাসিনার নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাসম্পন্ন।”

তার বক্তব্যে তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের সাহসিকতার ওপর জোর দিয়ে বলেন, “এটি একটি নির্ভীক তরুণ প্রজন্মের বাংলাদেশ।”

এই ঘটনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক কূটনৈতিক নিরাপত্তার গুরুত্ব নতুনভাবে সামনে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।