আকাশ নিবির : টাইমস বাংলাদেশে ‘শাকিব খানকে ব্যাঙ্গ করলেন নাটকের তৌসিফ’ শীর্ষক খবর প্রকাশের পর অনলাইনে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ঈদে মুক্তিপ্রাপ্ত রাফাত মজুমদার রিংকু’র ‘ও মাই ডারলিং’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির ও তৌসিফ মাহবুব। ঈগল মিউজিকের কচি আহমেদের প্রযোজনায় নাটকটি নিয়ে শাকিবভক্তরা ভীষণভাবে খেপে যায়। নাটকের দৃশ্যে দেখা যায়, সাফা কবির তৌসিফকে বলাকা সিনেমা হলে সিনেমা দেখানো অনুরোধ করলে তার পরিপ্রেক্ষিতে বাসায় এসে বন্ধুদের পাশের রুমে রেখে জােরে জােরে বলেন, ‘তুই ক্ষ্যাত, তোর চৌদ্দ গুষ্টি ক্ষ্যাত, শাকিব খানের ছবি কেউ দেখে!’ এমন কথা তৌসিফের মুখে শুনেই শাকিব খানের ভক্তরা চটে যান। শুধু শাকিব ভক্তরাই নন এ নিয়ে চলচ্চিত্রের গুনি পরিচালকরাও বেশ মনক্ষুন্ন হন।
তবে এই ইস্যুতে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ও মাই ডার্লিং নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু ও অভিনেতা তৌসিফ মাহবুব। শাকিব ভক্তদের অভিযোগ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘কোথাও একটা বড় ধরনের ভুল হচ্ছে। শাকিব ভাই এই ইন্ডাস্ট্রির বড় তারকা। তাঁকে ইচ্ছাকৃত অপমান করার প্রশ্নই আসে না। আমি তাঁকে অনেক বেশি সম্মাণ করি। তেমনি শাকিব খানের ভক্তদের প্রতিও আমার ভালোবাসা আছে। ও মাই ডার্লিং নাটকে আমার মুখ দিয়ে যে ডায়লগ বের হয়েছে সেটা কোনো মতেই আমার নিজের বক্তব্য না। এটি ঐ নাটকের চরিত্রের বক্তব্য। চরিত্রের গার্লফ্রেন্ড শাকিব খানের সিনেমা দেখতে চেয়েছে। সেটা প্রত্যাখ্যান করতে গিয়ে একটা ডায়লগ ব্যবহার করা হয়েছে। এটা কোনো মতেই পূর্ব পরিকল্পিত বা ইচ্ছাকৃত নয়।’
তিনি আরও বলেন, ‘এখানে উল্লেখ করার মতো বিষয় হলো আমার বিপরীত চরিত্র কিন্তু বড় করেই বলেছে শাকিব খান সবচেয়ে বড় তারকা। ফলে অন স্ক্রিন দুটো চরিত্রের ডায়লগকে ভুল বুঝে ভুল অনুবাদের কোনো সুযোগ নেই। বিষয়টি মোটেও ইচ্ছাকৃত নয়। আশা করছি এবার সবার কাছে বিষয়টা স্পষ্ট হবে। কারন শাকিব খান আমারও একজন পছন্দের তারকা।’
অভিযোগ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন নাটকটির পরিচালক রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়ক। তাঁকে ছোট করে দেখার প্রশ্নই ওঠে না। একই নাটকের একটি চরিত্র শাকিব খান অভিনীত ছবি দেখতে চেয়েছে। আর আরেকটি চরিত্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কথার পিঠে একটি কথা বলেছে। এখানে স্পষ্ট করে বলতে চাই শাকিব খান যেহেতু দেশের শীর্ষ তারকা তাই উদাহরণটা তারই হবার কথা। এখানে ইচ্ছাকৃতভাবে তাঁকে ছোট করার কোনো বিষয় নেই। কাজেই এ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। আশা করছি শাকিব খানের ভক্তরা বিষয়টি বুঝতে পারবেন।’
সেই সঙ্গে নাটকের পরিচালক ও অভিনেতা শাকিব খানের ভক্তদের কাছে অনুরোধ করেছেন তারা যেন বিষয়টি অনুধাবন করতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ও পরিবারিক আক্রমণ থেকে বিরত থাকেন।
উল্লেখ্য, তৌসিফ মাহবুব অভিনয় আসার আগে প্রকৌশলী হবার ইচ্ছা ছিল। সে ভাবে তিনি শুরুও করেছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাকত্তর করছেন। তবে অভিনয় জগতে আসার পর পড়ালেখাটা শুধু ক্যারিয়ার এর মধ্যে সীমাবদ্ধ আছে। তৌসিফ প্রথমে র্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসে। এর পরে ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে রাজিব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত “অল টাইম দৌড়ের উপর” নাটকে প্রথম কাজ করেন। এরপর একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক ” অবাক আগন্তুক”, “যাযাবর” “নিঃসঙ্গ শেরপা”, “ফেসবুক ও ইতিকথা” “কলিং বেল” ল্যন্ডফোনের দিন গুলোতে প্রেম ইত্যাদি।
